প্রধানমন্ত্রী তিন দিনের সফরে সৌদি যাচ্ছেন রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

তিন দিনের সফরে আগামী রোববার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ৫ থেকে ৮ নভেম্বর ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ওমেন ইন ইসলাম: স্ট্যাটাস অ্যান্ড এমপাওয়ারম্যান্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী জেদ্দা সফর করবেন। সম্মেলনে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ইসলাম যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা হবে। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করবেন।

ওমানের ভিসা স্থগিত সাময়িক: ওমানের ভিসা নিয়ে এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘আমরা প্রতিশ্রুতি পেয়েছি,তারা খুব শিগগিরই এটা খুলে দেবে। ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভিসা পেয়েছেন তারা এখন যেতে পারবেন। দক্ষিণ এশিয়ার আরেকটি দেশের ব্যাপারে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে, মাস দুয়েক পরে উঠিয়ে নিয়েছে।’ প্রতিমন্ত্রী বলেন, ওমানে বিদেশি শ্রম জনসংখ্যার অর্ধেক বাংলাদেশি। যে কোনো বাজারে সীমাহীন চাহিদা থাকে না। যে চাহিদা নিয়ে কর্মীরা গেছেন তার কিছু ব্যত্যয় হয়েছে। ওখানে কিছু অপপ্রয়োগ হয়েছে। মধ্যস্বত্বভোগীরা অপব্যবহার করেছে। ভবিষ্যতে যারা যাবেন তাদের জন্য বার্তা থাকবে অবশ্যই কাগজপত্র যাচাই-বাছাই করে চাকরি নিশ্চিত করে যাবেন।

মধ্যস্বত্বভোগী নেই বাংলাদেশিদের জন্য এমন কোনো শ্রমবাজার আছে কিনা- জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, দক্ষিণ কোরিয়া, জাপান,জর্ডান, কুয়েত, যুক্তরাজ্যে কোনো মধ্যস্বত্বভোগী নেই। তিনি বলেন, কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ওমানের ভিসা স্থগিত প্রক্রিয়া কার্যকর হবে না। যদি কোনো ব্যবসায়ীর মনে হয় যেতে সমস্যা হচ্ছে-তারা পররাস্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারেন।
ওমানে ভিসা স্থগিত প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘বিষয়টা খুব আকস্মিক। আমাদের দূতাবাসকেও আগে জানায়নি। হঠাৎ করেই এ ঘোষণাটা এসেছে। তবে এসব ব্যাপারে আগেও অনেক দেশকে দিয়েছে, কদিন পরে ভিসা দেওয়া শুরু করে।’

মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। এটি মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url